
অনিক দাশ দেবাশীষ।।দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি
‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দীঘিনালা উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন দীঘিনালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শ্রী রিটন দে।
শুভেচ্ছা বার্তায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ বলেন, “মা দুর্গার আগমনে সকলের জীবন থেকে অশুভ শক্তি দূর হোক। মায়ের কৃপায় দীঘিনালার প্রতিটি ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক। উপজেলার সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”
সাধারণ সম্পাদক শ্রী রিটন দে বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে চাই। সকল ধর্মের মানুষের সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে দীঘিনালায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।”
শুভেচ্ছা বার্তায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের নির্দেশনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিধিবিধান মেনে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পূজা উদযাপন পরিষদ আশা প্রকাশ করেছে, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে দীঘিনালায় এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

ডেস্ক রিপোর্ট। World Hindu Times 





















