
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডনের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬-এর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় দুর্গাপূজা উৎসব কমিটির জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বছর রংপুর মহানগরে প্রায় ১৬৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
মতবিনিময় সভায় সিটি করপোরেশনের প্রশাসক বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় এবং ভক্তরা নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন, সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন মন্দিরে যাতায়াতের রাস্তাঘাটের সমস্যা সমাধান, সড়কের আলোকসজ্জা ও লাইটিংয়ের ব্যবস্থা উন্নত করাসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজের নির্দেশনা দেন তিনি। দুর্গাপূজার আগেই এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রশাসক আরও ঘোষণা দেন, প্রতিবছরের মতো এবারও রংপুর মহানগরের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হবে। গত বছরের ১৪ হাজার টাকার অনুদান বাড়িয়ে এবার প্রতিটি মণ্ডপে ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সিটি করপোরেশনের প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে রংপুর মহানগরে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

News Desk।। তমাল কর 






















