
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়া এলাকায় একটি পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসর চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পাওয়া তথ্য অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় জানান, দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন পূজার সামগ্রী ও প্রতিমা চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ার চর এলাকার মো. জলিল (২৩), মো. জুয়েল (২১), আপেল (২৪) ও আশিকুর রহমান (২২)।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মূর্তি চুরির ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

News Desk।।World Hindu Times 






















