
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব তিথি ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ষোড়শপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহোৎসবে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় টিম।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে এ মহোৎসব অনুষ্ঠিত হয়। মহোৎসব উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় টিমের স্বেচ্ছাসেবীরা প্রসাদ বিতরণ করে আগত ভক্তদের সেবাদান করেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে মহোৎসবে আগত ভক্তদের জন্য শরবত ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের মাঝে স্বেচ্ছাসেবীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এসব সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, ধর্মীয় অনুষ্ঠানে আগত ভক্তদের সেবা করা তাদের জন্য আনন্দের ও সৌভাগ্যের বিষয়। মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানবিকতার চর্চা অব্যাহত রাখাই তাদের অন্যতম লক্ষ্য।
মহানামযজ্ঞ ও মহোৎসবকে ঘিরে পুরো সেবাশ্রম প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের ব্যাপক অংশগ্রহণ, মহানামসংকীর্তন, ধর্মীয় আয়োজন এবং সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।



























