
কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় উপকরণসহ একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সুযোগ চেয়ে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর। রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি আবেদনটি করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আবেদনে সনাতন ধর্মীয় অনুশাসন ও শাস্ত্রীয় আচারের কথা উল্লেখ করে কারাগারের ভেতরে চিন্ময়ের মায়ের আদ্যশ্রাদ্ধ আয়োজনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ জন্য শ্রাদ্ধের প্রয়োজনীয় ধর্মীয় উপকরণসহ হারাধন রুদ্র নামে একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদনও করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, “আবেদন আমি এখনও দেখিনি। তবে জেল কোডের বিধান অনুযায়ী কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।”
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এগুলো ধর্মীয় বিষয়। এ বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করব না।”
চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বলেন, “উনি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। আমি শুনেছি। এখন উনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন দেখা যাক। আলাদা করে ধর্মীয় উপদেষ্টা আনার বিষয়ে আমার জানা নেই। জেল কোডের বিধানে এমন কিছু দেখিনি কিংবা এর আগেও কারাগারে এ বিষয়ে কিছু দেখিনি, আমার জানা মতে।”
চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর বলেন, “সনাতন ধর্মীয় রীতি ও শাস্ত্রীয় আচারের অংশ হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর আমার মায়ের আদ্যশ্রাদ্ধ হওয়ার কথা। চিন্ময় বর্তমানে কারাগারে থাকায় সেখানে যেন ধর্মীয় বিধান অনুযায়ী অনুষ্ঠানটি করতে পারে, সে জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছি। শ্রাদ্ধের প্রয়োজনীয় ধর্মীয় উপকরণসহ একজন পুরোহিতকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার জন্যও আবেদন করা হয়েছে।”
এর আগে মায়ের শেষকৃত্যে অংশ নিতে গত ১০ সেপ্টেম্বর কয়েক ঘণ্টার জন্য কারাগার থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়েছিল। কঠোর নিরাপত্তার মধ্যে সেখানে মায়ের মরদেহের কাছে যান তিনি। এ সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শেষকৃত্য শেষে তাকে আবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এবার কারাগারের ভেতরেই মায়ের আদ্যশ্রাদ্ধের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ চাওয়া হয়েছে। আবেদনটি পাওয়ার পর সংশ্লিষ্ট বিধি-বিধান পর্যালোচনা করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্টরা
জানিয়েছেন।























