
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রিলস ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সিলেট জেলার চারজন শিক্ষককে ২০২৬ সালের জেলা পর্যায়ের গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে রয়েছেন বিউটি রাণী পাল। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত অন্যরা হলেন— সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে নির্ধারিত প্রক্রিয়ায় চারজন শিক্ষককে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
এ বিষয়ে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিভিন্ন উপজেলা থেকে মনোনীত শিক্ষকদের মূল্যায়নের মাধ্যমে জেলা পর্যায়ে চারজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান শিক্ষক বিউটি রাণী পালও রয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই বিউটি রাণী পাল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি রিলস ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তাকে হেঁটে যেতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা, সমালোচনা ও ট্রলের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে শিক্ষকদের ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। একপর্যায়ে একই গান ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ প্রতীকী প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেন। এই ঘটনার মধ্যেই জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন বিউটি রাণী পাল।

ডেস্ক রির্পোট । World Hindu Times 



























