
আগামী শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা ও পূজা উদযাপন ফ্রন্ট, কক্সবাজার জেলা শাখার সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট জেলা শারদীয় দুর্গোৎসব সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের ব্রাহ্ম মন্দিরের বিভূতিভূষণ মিলনায়তনে (জেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়) জেলার সনাতনী সম্প্রদায়ের সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এ সমন্বয় পরিষদ গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দুলাল চক্রবর্তীকে আহ্বায়ক, অরুপ শর্মাকে সদস্য সচিব এবং অসীম ধর, কাঞ্চন চৌধুরী ও সাংবাদিক অন্তর দে বিশালকে সদস্য করা হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জেলার প্রতিটি উপজেলায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নবগঠিত সমন্বয় পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি উদয় শংকর পাল মিটু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যাপক অজিত দাশ, স্বপন পাল (নাজির), সাংবাদিক দীপক শর্মা দিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ, অর্থ সম্পাদক স্বপন গুহ, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক ও সাংবাদিক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, জেলা দপ্তর সম্পাদক প্রীতম ধর, ঈদগাহ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সুমন চৌধুরী আগুন, সদস্য সচিব ফিলিপ কান্তি দেসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে জেলার সব পূজা উদযাপন কমিটি, সনাতনী সংগঠন ও সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times