
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের আজই পর্দা নামতে যাচ্ছে। বাংলাদেশ সময় বুধবার ভোরে বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।
মেসি ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন। এরপর ২০৭ ম্যাচে ১২৫ গোল করে তিনি হয়ে উঠেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। বেনিনের বিপক্ষে মাঠে নামলে জাতীয় দলের হয়ে তার ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ।
আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারে এসেছে বহু কাঙ্ক্ষিত সাফল্য। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং সবচেয়ে বড় অর্জন কাতার বিশ্বকাপ জয়—সবকিছুর কেন্দ্রেই ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তার বিদায়কে স্মরণীয় করে রাখতে বেনিনের বিপক্ষে এই বিশেষ ম্যাচের আয়োজন করেছে।
মনুমেন্টালে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে বিশেষ সম্মাননা ও বিদায়ী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির বর্ণাঢ্য অধ্যায়।
তবে জাতীয় দলকে বিদায় জানালেও ফুটবলকে এখনই বিদায় জানাচ্ছেন না মেসি। তিনি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times