
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশের ভাবগাম্ভীর্য এবং পবিত্রতা বজায় রাখার জন্য সর্বস্তরের সনাতনী ভক্তিপ্রান জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে 'বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ'।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক দুর্লভ বিশ্বাস এক বিবৃতিতে বলেন, "দুর্গাপূজা কেবল কোনো উৎসব নয়, এটি আমাদের পরম আদ্যাশক্তি মা দুর্গার আরাধনার এক পবিত্র ধর্মীয় আচার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যায় যে, কিছু কিছু স্থানে পূজার আবহকে ক্ষুণ্ন করে উচ্চশব্দে ডিজে গান বাজানো এবং মাদকসেবন করে অপ্রীতিকর নাচানাচির মতো ঘটনা ঘটে। এসব অনভিপ্রেত কর্মকাণ্ড প্রথমত আমাদের নিজেদের পরম পবিত্র সনাতন ধর্মকে অসম্মান করে, এবং দ্বিতীয়ত অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে ভুল বার্তা পৌঁছায়। এতে করে অনেকেই আমাদের ধর্ম ও ধর্মীয় উৎসব নিয়ে কটূক্তি বা সমালোচনার সুযোগ পায়।"
তিনি আরও বলেন, "আমরা চাই না আমাদের কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আমাদের সনাতন ধর্ম হেয় প্রতিপন্ন হোক। তাই পাহাড়তলী থানাসহ সারাদেশের সমস্ত পূজা উদযাপন কমিটি, তরুণ সমাজ ও ভক্তবৃন্দের কাছে আমার আকুল আবেদন—আসুন, আমরা ডিজে গানের বিকট শব্দ ও মাদকের অপব্যবহার থেকে সম্পূর্ণ দূরে থাকি। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ভক্তিগীতের মাধ্যমে মায়ের আরাধনা করে পূজার আসল মাহাত্ম্য ও ভাবগাম্ভীর্য বজায় রাখি।"
উক্ত বিবৃতিতে তিনি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশ বজায় রেখে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও ভক্তিরসে মগ্ন থাকার জন্য তরুণ সমাজকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times