
মহালয়া উদযাপনের মধ্য দিয়ে অবসান ঘটেছে পিতৃপক্ষের, শুরু হয়েছে দেবীপক্ষ। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে।
মহালয়া উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার মূল আনুষ্ঠানিকতা। এরপর প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ, বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন করা হয়।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। অন্যদিকে, পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times