
খাগড়াছড়ির দীঘিনালায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে *বিশ্বকর্মা পুজা* উদযাপিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার দীঘিনালা শীল সমিতি কার্যালয়ে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকে কার্যালয় প্রাঙ্গণে ঢাক-ঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতা বিশ্বকর্মার পুজা-অর্চনা করেন। যন্ত্রপাতি, আসবাবপত্র ও কর্মের দেবতা বিশ্বকর্মার কাছে সকল শ্রেণি-পেশার মানুষ, কারিগর, ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের কাজের সফলতা ও সমৃদ্ধি কামনা করে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
পুজায় দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, বৃদ্ধ-যুবকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পুজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।দিনের পুজা অনুষ্ঠান শেষে রাতে ছিল আরও বর্ণাঢ্য আয়োজন। শীল সমিতি কার্যালয়ে *হরিসভা, গীতা পাঠ ও নাম সংকীর্তনের* আয়োজন করা হয়। স্থানীয় কীর্তন দল ও ভক্তবৃন্দ সমবেত কণ্ঠে হরিনাম সংকীর্তন করেন। গীতা পাঠের মাধ্যমে ভগবানের বাণী প্রচার করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকল ভক্তবৃন্দের জন্য *মহা প্রসাদের* আয়োজন করা হয়। মহা প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শীল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যেই এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমিতির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি ছিল লক্ষণীয়।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times