
কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর মহাশ্মশানে পিকনিক, গরুর মাংস রান্নাবান্না এবং মৃত ব্যক্তিদের সমাধি ও চিতার ওপর জুতা পায়ে দাঁড়িয়ে ছবি তোলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, শোক ও ধর্মীয় মর্যাদার প্রতীক হিসেবে পরিচিত এই মহাশ্মশানে কিছু ব্যক্তি এমন কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মৃতদের প্রতি চরম অসম্মান প্রদর্শনের শামিল।
স্থানীয়রা জানান, মহাশ্মশানের মতো পবিত্র স্থানে পিকনিক আয়োজন, গরু রান্নাবান্না এবং সমাধি বা চিতার ওপর জুতা পায়ে দাঁড়িয়ে ছবি তোলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী নয়, বরং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা এবং প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সদস্যরা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, ধর্মীয় ও শ্মশানভূমির মতো সংবেদনশীল স্থানের মর্যাদা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times