
বরিশালের ঐতিহ্যবাহী চকবাজার এলাকার একটি ছোট দোকানকে কেন্দ্র করে দীর্ঘ ২৫ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ৮০ বছর বয়সী মালতী রাণী। জীবিকার শেষ সম্বল হিসেবে পরিচিত ওই দোকানটির মালিকানা ও দখল নিয়ে চলমান বিরোধের জেরে তিনি বছরের পর বছর আদালতের দ্বারস্থ হলেও এখনও মামলার নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে শুরু হওয়া একটি দেওয়ানি মামলা বর্তমানে বরিশাল সিনিয়র সিভিল কোর্টে বিচারাধীন রয়েছে। মালতী রাণী ও তাঁর পরিবারের দাবি, দীর্ঘ সময় ধরে মামলাটি চলমান থাকায় তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এখনও ন্যায়বিচারের অপেক্ষায় দিন গুনছেন।
অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মো. জামাল হোসেন নোমান ও তাঁর ভাই মো. হুমায়ুন কবির লিংকু মালতী রাণী ও তাঁর পরিবারের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে আসছেন। মালতী রাণীর পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৬ আগস্ট দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে মালতী রাণী, তাঁর কন্যা ও জামাতাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
পরিবারের আরও অভিযোগ, মূল দেওয়ানি মামলার বিষয়টি গোপন রেখে তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। এর ফলে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং মামলার কার্যক্রম বিভিন্নভাবে বিলম্বিত করা হচ্ছে। তাদের দাবি, একাধিক কার্যদিবস জেরার মধ্য দিয়ে পার হলেও মামলার নিষ্পত্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সংশ্লিষ্টদের প্রভাব কমেনি বলে অভিযোগ করেছে পরিবারটি। তাদের ভাষ্য, স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তির কাছে বিষয়টি তুলে ধরা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বর্তমানে বয়সের ভার ও অসুস্থতা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মালতী রাণী। দীর্ঘ ২৫ বছরের আইনি লড়াইয়ে ক্লান্ত এই বৃদ্ধার পরিবার দ্রুত মামলার নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘসূত্রতায় আটকে থাকা এ ধরনের মামলা বিচারপ্রার্থীদের জন্য হতাশাজনক পরিস্থিতি তৈরি করে। তারা দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times