
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবার পূজামণ্ডপে আলোকসজ্জা সীমিত পরিসরে রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। তিনি জানান, অতীতে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও এবার তা বৃদ্ধি করে ৬০০ কেজি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পূজার সময় বিশেষ করে রাতের শেষভাগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে মণ্ডপ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও পটকাবাজি প্রবেশ রোধে বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।
যশোর জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং উৎসবের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times