প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:০৩ পি.এম
ঢাকায় মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী পালিত

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা ও নিঃস্বার্থ সেবার আদর্শের কথা স্মরণ করেন। সমকালীন সমাজে এসব আদর্শের প্রাসঙ্গিকতার কথাও তিনি তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ পরিচালনা করেন বাংলাদেশের কুইজ উপস্থাপক ফেরদৌস বাপ্পী।
মহাত্মা গান্ধীর জীবন, চিন্তা ও কর্ম নিয়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে ‘সেবা পক্ষ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ধর্মের প্রার্থনার মধ্য দিয়ে এ পর্ব শুরু হয়। এরপর মহাত্মা গান্ধীর আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সংগীতশিল্পীদের সংগঠন গীতিমালিকার শিল্পীরা মহাত্মা গান্ধীর প্রিয় গান ‘বৈষ্ণব জন তো’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ ও ‘রঘুপতি রাঘব’সহ রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।এরপর বাংলাদেশি ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে বিশ্বরঙের আয়োজনে খাদি পোশাকের প্রদর্শনী হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীতদল কৃষ্ণপক্ষ পরিবেশন করে লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের সংমিশ্রণ।
অনুষ্ঠানস্থলে ফ্রেন্ডশিপের (নদী লিমিটেড) এবং কুমিল্লার খাদি ঘরের প্রদীপ কান্তি সাহার খাদিপণ্যের স্টল ছিল। নোয়াখালী ও জামালপুরের গান্ধী আশ্রমের বিভিন্ন নিদর্শনও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্য, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় অতিথি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, তরুণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times