
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি, মারধর এবং গভীর রাতে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী রিপন সরকার ও তাঁর পরিবারের সদস্যসহ এলাকাবাসী।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের রিপন সরকার, তাঁর পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে রিপন সরকার ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গভীর রাতে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী রিপন সরকার অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে থেকেই মামলা-মোকদ্দমা চলছে। এসব বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময়ে হয়রানি ও মারধর করা হয়েছে। একপর্যায়ে তাঁর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
রিপন সরকার বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times