
রাঙ্গামাটিতে জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক, পৌর কমিটির সম্মেলন এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির অভিষেকের পাশাপাশি জাগো হিন্দু পরিষদের রাঙ্গামাটি পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, একটি মহল অনুষ্ঠানটি ব্যাহত করার চেষ্টা করছে। তাদের ভাষ্য, অতীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি এবং এবারও অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
‘মানবসেবাই পরম ধর্ম—সনাতন সংস্কৃতির জন্য একত্রিত হই’—এই ভাবধারাকে সামনে রেখে কর্মসূচিটির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ, সংগঠনের নেতাকর্মী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, সামাজিক সম্প্রীতি, মানবসেবা ও সনাতন সংস্কৃতির চর্চাকে সামনে রেখে এ আয়োজন স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা আরও বাড়াতে ভূমিকা রাখবে।

টমাস দেব নাথ 





















