
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয়া দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দিঘীনালা উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সোমবার দিনব্যাপী এ পরিদর্শন করেন দিঘীনালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ এবং সাধারণ সম্পাদক শ্রী রিটন দে।
পরিদর্শনকালে তারা উপজেলার মোট ৯টি পূজা মন্ডপের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা ও সার্বিক আয়োজন খতিয়ে দেখেন।
এসময় কমিটির নেতৃবৃন্দ প্রতিটি মন্ডপের পূজা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা, সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নি-নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা দিঘীনালায় একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পূজা উদযাপন করতে বদ্ধপরিকর। সকল মন্ডপে সনাতনী ভাই-বোনদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।”
সাধারণ সম্পাদক শ্রী রিটন দে বলেন, “পূজা যেন কোনোভাবেই বিশৃঙ্খল না হয় সেজন্য আমরা প্রশাসন, জনপ্রতিনিধি ও সকল সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করছি। প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।”
পরিদর্শনকালে উপজেলা পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রির্পোট ।। অনিক দাশ দেবাশীষ 





















