শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের আয়োজনে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহালয়ার শুভসূচনা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র চণ্ডীপাঠ, চণ্ডীকথামালা, সংগীতাঞ্জলি, নৃত্যানুষ্ঠান ও মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দেবীপক্ষকে বরণ করে নেন সমবেত ভক্ত ও দর্শনার্থীরা।
‘উৎসবের বুনন’ শীর্ষক মাতৃচেতনাবাহী গীতি-আলেখ্য অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মহালয়ার আনুষ্ঠানিক শুভসূচনা করেন চট্টল ইয়ুথ কয়ারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক।
শুভ মহালয়া উপলক্ষে পবিত্র সপ্তশতী চণ্ডীপাঠ ও চণ্ডীকথামালা পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডা. শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ। তাঁর সুমধুর কণ্ঠে চণ্ডীপাঠ, মাতৃতত্ত্ববিষয়ক পরিবেশনা ও সনাতনী স্তোত্রের আবহে অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় এক অনন্য ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশ।
সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শারদীয় বন্দনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন কণ্ঠশিল্পী পঙ্কজ বণিক ও স্থানীয় শিল্পীবৃন্দ। বাদ্যযন্ত্রে সংগত করেন চট্টগ্রামের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন শুভম্ মিউজিক্যাল গ্রুপের কর্মকর্তা ও শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন কিবোর্ডে সুমঙ্গল চক্রবর্তী, তবলায় পঙ্কজ বণিক, অক্টোপ্যাডে বিপ্লব চক্রবর্তী এবং গিটারে প্রবর আচার্য্য। সংগীত ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
মুন্না ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি ভোলা ধর, সাধারণ সম্পাদক স্বরূপম দেওয়ানজীসহ পরিষদের অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।
শারদীয় দুর্গতিনাশিনী মাকে বরণ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাতৃবন্দনা ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মহালয়ার আয়োজনটি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গোৎসবের আনন্দ, ভক্তি ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী সমবেত হন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক আবহে আয়োজিত এ অনুষ্ঠান দেবীপক্ষের আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

Desk News।। মিলন বৈদ্য শুভ 




















