
ধর্মীয় সম্প্রীতির আবহে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রংপুরের প্রশাসন ও পূজামণ্ডপ কমিটিগুলো। রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলায় এবার মোট ৯৬৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে এবার ১৬৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় মহানগরীতে এবার ১০টি পূজামণ্ডপ বেড়েছে।
অন্যদিকে, জেলার আট উপজেলায় মোট ৮০০টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। উপজেলাভিত্তিক পূজামণ্ডপের মধ্যে রংপুর সদরে ৯৪টি, গঙ্গাচড়ায় ৯৯টি, তারাগঞ্জে ১৬৫টি, বদরগঞ্জে ১২৫টি, মিঠাপুকুরে ১৫১টি, পীরগঞ্জে ১০০টি, পীরগাছায় ৯১টি এবং কাউনিয়ায় ৭৫টি রয়েছে।
দুর্গোৎসব উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা শুরুর আগেই বরাদ্দের চাল সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটিগুলোর কাছে হস্তান্তর করা হবে।
প্রশাসন ও পূজামণ্ডপ কমিটিগুলোর সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে রংপুরে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

News Desk।। তমাল কর 























