
চট্টগ্রামের আনোয়ারায় গাড়ি ও ভ্যানের ধাক্কাকে কেন্দ্র করে বিরোধের জেরে একটি প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিমা নিতে আসা অপু সরকার আকাশ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। হামলাকারীরা তৈরি করে রাখা একটি প্রতিমার কার্তিকের হাতও ভেঙে দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিল্পালয়ের কারিগরের পরিবার।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়কালী বাজারে লোকনাথ আশ্রমের পাশে অবস্থিত গৌরী শিল্পালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিল্পালয়ের কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তী জানান, ঘটনার সময় তাঁরা প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ করছিলেন। হঠাৎ ১০ থেকে ১৫ জন ব্যক্তি শিল্পালয়ে ঢুকে প্রতিমা নিতে আসা আকাশকে মারধর করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় তৈরি করে রাখা একটি প্রতিমার কার্তিকের হাত ভেঙে দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
আহত অপু সরকার আকাশ আনোয়ারার বারখাইন ইউনিয়নের পদ্মাপুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি বলেন, প্রতিমা নিতে শিল্পালয়ে যাওয়ার পথে সড়কের পুকুরপাড় এলাকায় একটি গাড়ির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েকজন ভ্যানচালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিরা ১০ থেকে ১৫ জন মিলে শিল্পালয়ে এসে তাঁর ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ ধর বলেন, কথা-কাটাকাটির জেরেই এ ঘটনা ঘটেছে। শিল্পালয়ের লোকজন হামলাকারীদের প্রতিহত করায় বড় ধরনের ঘটনা ঘটেনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ, হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।

ডেস্ক রির্পোট ।। World Hindu Times 




















