
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটে ককপিটে ছুরিকাঘাতের শিকার হয়েও যাত্রীদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।
বুধবারের ওই ঘটনায় ককপিটে এক পাইলটের সঙ্গে অন্য পাইলটের সংঘর্ষের পর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। গুরুতর আহত অবস্থাতেও ক্যাপ্টেন মাচ্ছার ককপিটের দরজা খোলার ব্যবস্থা করেন। এরপর কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য ককপিটে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন।
পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। ঘটনাটির পর ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ক্যাপ্টেন মাচ্ছারকে ‘হিরো’ হিসেবে উল্লেখ করে জানায়, ভারতীয় পাইলট, ইসরায়েলি যাত্রী ও আমিরাতি ক্রু সদস্যদের সম্মিলিত সাহসিকতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার কারণ ও হামলার উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। ক্যাপ্টেন মাচ্ছার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন বিভিন্ন মহল।

ডেস্ক রির্পোট । World Hindu Times 


























